হবিগঞ্জে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ বাউল ও গ্রাম্য গান-বাজনার আয়োজন বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনার পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আলোচিত এক ভিডিওতে দেখা যায়, হুইপ জি কে গউছ ওরশ, গান, বাণিজ্য মেলা ও শিল্প মেলার নামে ‘অশ্লীলতা ছড়ানো’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিচ্ছেন।
রবিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব নির্দেশনা দেন হুইপ জি কে গউছ। এ সংক্রান্ত একটি ভিডিও বেশ আলোচিত হয়েছে।
সভায় তিনি বলেন, ‘‘আমাদের এই এলাকায় ধর্মকর্ম হয়। এখানকার মানুষ এসব গ্রাম্য গান-বাজনা পছন্দ করেন না। সম্ভব হলে পুরো জেলায়, তা না হলে অন্তত আমি যে এলাকায় নির্বাচিত হয়েছি, সেখানে যেন বাউল গান-বাজনার আয়োজন না হয়, সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘ওরশ, গান, বাণিজ্য ও শিল্প মেলার নামে যেন কোনো ধরনের অশ্লীলতা ছড়াতে না পারে, সেদিকে প্রশাসনকে বিশেষ নজর দিতে হবে। এসব আয়োজনের নামে সামাজিক ও ধর্মীয় পরিবেশের অবক্ষয় হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’’
জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সিভিল সার্জন রত্নদীপ বিশ্বাস, পুলিশ সুপার তারেক মাহমুদসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
হুইপের এ বক্তব্যের পর মাহমুদ খা নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ‘‘হবিগঞ্জের গ্রামের মানুষ গান পছন্দ করে না উনি মনে হয় ভুলে গেছেন। হবিগঞ্জের গ্রামগুলো হচ্ছে গান বাজনার আতুরঘর-যা ছোট বেলা থেকেই দেখে এসেছি৷
আমার প্রশ্ন, একজন সংসদ সদস্যের কাজ কি মানুষের সাংস্কৃতিক চর্চার পথ বন্ধ করে দেওয়া? হবিগঞ্জের মানুষ কি তাহলে শুধু মরুভিত্তিক সংস্কৃতির ওয়াজ মাহফিলই শুনবে? বাউলগান, পালাগান, যাত্রাপালা কিংবা বাংলার নিজস্ব লোকজ সংস্কৃতির চর্চা করবে না?’’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘‘বাউলগান, পালাগান, যাত্রাপালা আমাদের মাটির সংস্কৃতি, আমাদের লোকজ ঐতিহ্যের অংশ। কোন গান শ্লীল, কোনটি অশ্লীল, কোন অনুষ্ঠান গ্রহণযোগ্য সেটি নিয়ে আলোচনা হতে পারে। অশ্লীলতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থাকলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু সেই অজুহাতে সামগ্রিকভাবে গানের আয়োজন বন্ধ করে দেওয়ার অধিকার তাকে কে দিয়েছে?’’
আব্দুল করিম কিম নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘‘গানের অনুষ্ঠান করতে পুলিশের অনুমতি লাগবে কেন? কোথাও যদি গানের অনুষ্ঠানের নামে অশ্লীল বা অশালীন কিছু হয় তবে তা বন্ধ করার জন্য পুলিশ ভূমিকা রাখবে। আর অনুমতি নিয়ে যদি গানের অনুষ্ঠানের আয়োজন কেউ করেও থাকে অনুমতি নেয়ার সময় সে কি বলবে আমরা অশ্লীল গানের আয়োজন করছি?’’
এ বিষয়ে বিস্তারিত জানতে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ হোসেনকে ফোন দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।



