জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দেশটির আন্তালিয়া শহরে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন তিনি।
স্থানীয় সময় আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্তালিয়ার ‘ম্যাক্স রয়্যাল’ হোটেলে দুই নেতার এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক সফর, সেনাপ্রধানের তুরস্ক সফর এবং বিভিন্ন উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে ঢাকা ও আঙ্কারার দ্বিপক্ষীয় সম্পর্কে এক নতুন ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। আজকের এই বৈঠকটি তারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিতীয় বৈঠক। এর আগে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ‘তুর্কি হাউসে’ দুই নেতার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে সময় প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা ও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ওপর বিশেষ জোর দিয়েছিলেন এরদোয়ান।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই তিন দিনের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ (প্লেনারি) অধিবেশনে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তিনি।
এছাড়া সম্মেলনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট ছাড়াও বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পৃথক দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে।
গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তুরস্কের সঙ্গে বাংলাদেশের উচ্চপর্যায়ের যোগাযোগ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে গত জুনে ঢাকা সফর করেছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ওই সময় দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনের ঘোষণা আসে।
পাশাপাশি, গত জুলাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্ক সফর করেন। সেই সফরকালে দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষাপ্রযুক্তি এবং প্রতিরক্ষাশিল্পে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছিল। এছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনায় বরাবরের মতো রোহিঙ্গা সংকট ও মানবিক সহায়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্থান পাচ্ছে।



