Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইন্টার্নশিপ শুরু করতে হাসপাতালে যাওয়া ২ ছাত্রলীগ নেতাকে মারধর ও ডিম নিক্ষেপ

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই বছর পর ইন্টার্নশিপ শুরু করতে গিয়ে অবরুদ্ধ ও মারধরের শিকার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের আটকে রেখে মারধর করেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। এসময় তাদের লক্ষ্য করে ডিমও নিক্ষেপ করা হয়। 

খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা, গোয়েন্দা শাখা (ডিবি), ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও এসআরবির সদস্যরা হাসপাতালে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সেখানে অবস্থান নেন।

পরে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালকের কক্ষ থেকে তাদের বের করে আনা হয়। এসময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগবিরোধী স্লোগান দেন।
শুভ ও নাহিদকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের ফটকে একটি মাইক্রোবাস রাখা হয়েছিল। তাদের গাড়িতে তোলার সময় নেতাকর্মীরা লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

একপর্যায়ে মারধর শুরু হয়। শুভকে মাইক্রোবাসে তোলা সম্ভব হলেও নাহিদ পড়ে যান। তখন তাকে কিল-ঘুষি ও লাথি মারেন কয়েকজন। পরে সিআরটি সদস্যরা তাকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে তুলে নেন।

শুভ রামেকের ৫৯তম এবং নাহিদ ৬০তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী। পঞ্চম বর্ষ শেষ করে তারা হাসপাতালে ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ২০২৪ সালের ৬ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে। সম্প্রতি সেই মেয়াদ শেষ হওয়ায় তারা আবার ইন্টার্নশিপ শুরু করার চেষ্টা করছিলেন। এ উদ্দেশ্যেই মঙ্গলবার হাসপাতালে যান তারা।

হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান করা কয়েকজন শিক্ষার্থী জানান, শুভ ও নাহিদ কয়েক দিন ধরে হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের কার্যালয়ে আসছিলেন। মঙ্গলবার তিনি তাদের হাসপাতালের পরিচালকের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন। 

এজন্য তারা পরিচালকের কার্যালয়ের পাশের অপেক্ষাকক্ষে বসেছিলেন। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের মারধর করেন। পরে তাদের পরিচালকের কক্ষে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন, সেটির তদন্ত প্রয়োজন। যারা তাদের হাসপাতালে এনেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।”

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, “ইন্টার্নশিপ স্থগিতের মেয়াদ শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী পুনরায় আবেদন করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে তারা ইন্টার্নশিপ করতে পারেন। কিন্তু শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।”

আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান বলেন, “তাদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে নানা অভিযোগ ছিল। হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x