Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিউজিল্যান্ডে শিক্ষার্থীদের ভিসায় ৪ পরিবর্তন

মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীদের কাজের সুযোগ সীমিত করা হয়েছে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে চারটি পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ সীমিত করা হয়েছে। পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতা, ভিসার আবেদনপ্রক্রিয়া এবং কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদেও পরিবর্তন এসেছে। 

ইমিগ্রেশন নিউজিল্যান্ডের (আইএনজেড) নতুন নিয়ম অনুযায়ী, মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীরা এখন থেকে সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করতে পারবেন। তবে ছুটির সময়ে তাদের পূর্ণকালীন কাজের সুযোগ থাকবে। আগে এ পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন

নতুন নিয়মে ভিসার শর্ত পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীর ইংরেজি ভাষার দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলতে পারবেন কি না, তা মূল্যায়নের সময় তার ভাষাগত দক্ষতাও বিবেচনায় নেওয়া হবে।

এছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় থাকলে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভিসার আবেদনপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে স্থগিত করতে পারবে ইমিগ্রেশন নিউজিল্যান্ড। আগে যেসব পরিস্থিতিতে এ ধরনের স্থগিতাদেশ দেওয়া যেত, নতুন নিয়মে তার পরিধি বাড়ানো হয়েছে।

এসব পরিবর্তনের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার শর্ত পূরণের পাশাপাশি নিয়ম মেনে চলে এমন শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কোর্স শেষে ভিসার মেয়াদে পরিবর্তন

নতুন নিয়মে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগের অতিরিক্ত সময় এক মাস থেকে বাড়িয়ে দুই মাস করা হয়েছে। তবে ৩১ মার্চ ভিসার মেয়াদ শেষ হওয়ার নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি।

আগের নিয়মে শিক্ষার্থীদের পড়াশোনার ধরন ও মেয়াদের ওপর নির্ভর করে ৩১ মার্চ অথবা কোর্স শেষ হওয়ার এক মাস পর ভিসার মেয়াদ শেষ হতো। নতুন নিয়মে প্রযোজ্য ক্ষেত্রে কোর্স শেষ হওয়ার পর শিক্ষার্থীরা অতিরিক্ত দুই মাস সময় পাবেন।

নতুন নিয়মের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিজেদের ভিসার শর্ত, কাজের অনুমতি এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীদের কাজের পরিকল্পনা করার ক্ষেত্রে নতুন সময়সীমা বিবেচনায় রাখতে হবে।

   

About

Popular Links

x