Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘বোরকা ও হেলমেট ব্যবহার করে অশান্তি সৃষ্টিকারীদের শনাক্ত করছে পুলিশ’

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে এ কথা বলেন ঢাকা জেলা পুলিশ সুপার

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

ঢাকার আশুলিয়া ও সাভারের তৈরি পোশাকশিল্পে শ্রমিকের পরিচয় ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মুস্তাফিজুর রহমানের সঙ্গে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন এসপি শামীমা পারভীন।

তিনি বলেছেন, “বোরকা ও হেলমেট ব্যবহার করে কারা শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে, তা শনাক্ত করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।”

শামীমা পারভীন বলেন, “গত দুই দিন ধরে পোশাক শিল্পকে কেন্দ্র করে শ্রমিকের নাম ব্যবহার করে শিল্প ধ্বংস এবং দেশকে অস্থিতিশীল করার কাজে জড়িত বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে।”

বোরকা পরা ব্যক্তি ও হেলমেট বাহিনীর বিষয়ে তিনি বলেন, “আপনারা বোরকা পরা ও হেলমেট বাহিনীর কথা বলছিলেন। গত ১৭ বছর ধরে আমরা হেলমেট বাহিনীর সঙ্গে পরিচিত। একইভাবে, বোরকা বা হিজাবকে ব্যবহার করে যারা অপতৎপরতা চালাচ্ছে, তাদের সম্পর্কেও আমরা পরিচিত। এক্ষেত্রে আমাদের পুলিশের কাছে যথেষ্ট তথ্য রয়েছে এবং গোয়েন্দা নজরদারি চলমান আছে। বোরকা বা হেলমেট পরে কারা একটি শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে, তা আমরা শনাক্ত করছি।”

এসপি বলেন, “পোশাক শ্রমিকদের মূলত কোনো দাবি-দাওয়া ছিল না। যেকোনো দাবির একটি সূচনা ও নির্দিষ্ট প্রক্রিয়া থাকে। নিয়মতান্ত্রিকভাবেই দাবিগুলো উত্থাপিত হয়। কিন্তু কোনো ধরনের প্রক্রিয়া ছাড়াই হঠাৎ করে দুই দিন আগে শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, “ঢাকা জেলার সার্বিক পরিস্থিতি শান্ত। ইপিজেড শান্ত রয়েছে। আশুলিয়া ও সাভারের প্রতিটি প শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজ করছেন এবং কারখানাগুলো খোলা রয়েছে। হঠাৎ করে শ্রমিক অসন্তোষ শুরু হতে দেখা গেছে। তবে এরা প্রকৃত শ্রমিক নয়; বরং শ্রমিকের পরিচয় ব্যবহার করে বাইরে থেকে আসা কিছু বিশৃঙ্খলাকারী। তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

শামীমা পারভীন বলেন, “বোরকা পরা ব্যক্তি ও হেলমেট বাহিনীর পরিচয় আমরা শনাক্ত করছি। এ বিষয়ে আমরা অনেক তথ্য পেয়েছি। কারা তাদের ইন্ধন দিচ্ছে, কারা অর্থের জোগান দিচ্ছে এবং কারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সে বিষয়েও আমরা তথ্য পেয়েছি।”

তিনি বলেন, “আমরা অবশ্যই আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই ষড়যন্ত্র নস্যাৎ করবো।”

   

About

Popular Links

x