ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের তীব্র আন্দোলনের মুখে ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরের তিন শতাধিক কারখানায় রবিবারের জন্য ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ-১-এর আশুলিয়া অঞ্চলের পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন। সার্বিক অসন্তোষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ১৭৭টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। অন্যদিকে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, গাজীপুর অঞ্চলেও সারা দিনে শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকায় কয়েক ঘণ্টার জন্য ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা, যার ফলে ওই মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আন্দোলন চলাকালে একটি কারখানার গুদাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
অন্যদিকে রাজধানীর মিরপুরে সকাল থেকেই ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সড়কে নামেন পোশাক শ্রমিকরা। মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে আন্দোলন শুরু হয়ে পরবর্তীতে মিরপুর ১১, ১২ ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়, যা দুপুর ২টা পর্যন্ত গড়ায়। সংঘর্ষ চলাকালে ওই সব এলাকার সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিরাপত্তার স্বার্থে দুপুরে মিরপুর ১০, মিরপুর ১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে মিরপুর এলাকা থেকে আন্দোলনরত ২৮ জনকে আটক করেছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।



