Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

নওগাঁয় ক্লিনিক চত্বর থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও ওই গৃহবধূ কোনো সন্ধান পাননি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

নওগাঁর মান্দায় নিখোঁজ হওয়ার এক দিন পর ময়না রানী দাস (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার হাসপাতাল মোড়সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিক চত্বর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ময়না রানী দাস পাশের নিয়ামতপুর উপজেলার তিলহারী গ্রামের অনিল চন্দ্র দাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়না রানী গত দুই বছর ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গতকাল সোমবার (২ নভেম্বর) দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরবর্তীতে মঙ্গলবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করেন। ঘটনার খবর পেয়ে রাজশাহী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”

   

About

Popular Links

x