গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে জিআই তার দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার দুলাল মিয়ার বাড়ির চারতলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহীন হোসেন রাজাবাড়ী ইউনিয়নের নয়গাঁও গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি রাজাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহীন হোসেন গত পাঁচ মাস ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় ওই এলাকায় ভাড়া থাকতেন। নিহতের বড় ভাই আজাহার হোসেন জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহীনের বন্ধু আলমগীর ফোন করে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বাইরে থেকে কক্ষটি তালাবদ্ধ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দিয়ে পুলিশকে খবর দেন। রাত ৮টার দিকে পুলিশ এসে তালা ভেঙে ভেতরে ঢুকে বিছানার ওপর শাহীনের লাশ পড়ে থাকতে দেখে। তার গলায় শক্ত জিআই তার পেঁচানোর ক্ষত চিহ্ন রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, তালাবদ্ধ কক্ষ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি আরও জানান, শাহীন এক তরুণীকে সঙ্গে নিয়ে ওই বাসায় বসবাস করতেন। ঘটনার পর থেকে ওই তরুণী পলাতক রয়েছেন। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশি তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



