বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ১৯ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। নৌ পুলিশের আবেদনের প্রেক্ষিতে তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ওই নারীকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ফরোয়ার্ডিং রিপোর্ট অনুযায়ী, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং উত্তরা এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, ২৭ অক্টোবর রাতে ঘটনার আগে ওই নারীকে নিয়ে উত্তরার 'নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে' গিয়েছিলেন তাহসিফ। ওই সন্ধ্যায় তারা 'সিপি ফাইভ স্টার স্ন্যাকসে' খাবার খান।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তদন্তকারীরা আরও দেখতে পান যে, তাহসিফের সঙ্গে একটি মোটরসাইকেলের গ্যারেজেও গিয়েছিলেন ওই নারী।
ফরোয়ার্ডিং রিপোর্টে বলা হয়, প্রধান সন্দেহভাজন আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে রিমান্ডে রয়েছে। দীপের বক্তব্য 'ক্রসচেক' করা প্রয়োজন।
এছাড়া, তাহসিফের মোবাইল কললিস্ট পর্যালোচনা করে ওই নারীর সঙ্গে তার একাধিকবার কথা বলার তথ্য-প্রমাণ আছে।
এর আগে গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর কাফরুল এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার রাতে এই মামলায় গ্রেপ্তার হওয়া আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ।
এর পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা কে এম এনায়েতুল করিম গত শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



