Sunday, November 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘তাহসিফ সাউরি হত্যায় দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ’

পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস সন্দেহভাজন আসামি দীপকে চার দিনের রিমান্ডে পাঠান।

নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাহসিফ সাউরির মৃত্যুতে দীপের সংশ্লিষ্টতার কিছু প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। রিমান্ডে তাকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংগৃহীত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত দীপের সঙ্গে ছিলেন তাহসিফ। তদন্তকারীরা আরও নিশ্চিত হয়েছেন যে, দীপ তাহসিফকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি একাই সেখান থেকে ফিরে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও দীপের দেওয়া তথ্যে ব্যাপক অসঙ্গতি পাওয়া গেছে।

আদালতে পেশ করা রিমান্ড আবেদনে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে দীপের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এদিকে নিহতের বাবা কে এম এনায়েতুল করিম জানান, দীপ তাহসিফের নিয়মিত যাতায়াতকারী বন্ধু ছিলেন। কিন্তু তাহসিফ নিখোঁজের পর দীপ প্রথমে বলেছিলেন যে তিনি তাহসিফকে তাদের বাসার সামনে নামিয়ে দিয়ে গেছেন। অথচ পরবর্তীতে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে তিনি টঙ্গী যাওয়ার কথা স্বীকার করেন। এই পরস্পরবিরোধী বক্তব্য অনেক প্রশ্নের জন্ম দিয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তা কল্যাণ সমিতি (রাওয়া) তাহসিফের মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এক বিবৃতিতে পুরো ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চেয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর নিখোঁজ হওয়ার পরদিন ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এরপর গত ২৯ অক্টোবর রাতে দীপকে হেফাজতে নেয় পুলিশ। পরবর্তীতে তাহসিফের বাবা উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করলে দীপকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

   

About

Popular Links

x