গোপালগঞ্জে পাঁচ দিনে বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৫ নেতার পদত্যাগ

কেউ সংবাদ সম্মেলন করে, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও ভিডিও বার্তা দিয়ে পদত্যাগের ঘোষণা দেন

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। গত পাঁচ দিনে এসব সংগঠনের অন্তত ১৫ জন নেতাকর্মী দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কেউ সংবাদ সম্মেলন করে, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও ভিডিও বার্তা দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী অধিকাংশ নেতা ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। তাদের মধ্যে কেউ নিজের অজান্তে দলীয় পদ পেয়েছেন বলে দাবি করেছেন; আবার কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করে রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন।

জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ওই দিন রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দুজন ছাড়া পদত্যাগকারী বাকি ১৩ জন নেতাই এই ঘটনার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির। পরে ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও মো. বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু।

এ ছাড়া গত পাঁচ দিনের বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি। অপরদিকে ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করে রাজনীতি থেকে স্বেচ্ছায় বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের একজন দায়িত্বশীল নেতা জানান, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি পদত্যাগের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বলে তিনি শুনেছেন; তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি। দু-একজন পদত্যাগ করলেও দলের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। অন্যদিকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের কল ধরলেও ব্যস্ত আছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।