পাবনার বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লায় ক্ষমতাসীন বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার পর শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের পর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। এ ছাড়া পৌরসভার সম্ভপুর মহল্লাতেও নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবারের সংঘর্ষের জেরে শনিবার সকাল থেকেই বৃশালিখা মহল্লায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল চারটা পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃশালিখা মহল্লার প্রবেশমুখে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছিলেন; অন্যদিকে মহল্লার প্রবেশমুখ থেকে কিছুটা দূরে নৌকা চত্বরে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা।
এদিকে টানা তিন দিনের এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে শনিবার দুপুর ১২টার দিকে বেড়া উপজেলা পরিষদে জরুরি বৈঠকে বসেন পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।
স্থানীয় বাসিন্দাদের মতে, গত বৃহস্পতিবার দুপুরে বেড়া পৌর এলাকার সম্ভপুর ও পায়না মহল্লাসহ আশপাশের এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে সরে গেলে পায়না ও সম্ভপুর মহল্লার কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
একই দিন বৃশালিখা মহল্লা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এ নিয়ে সংঘর্ষ বাধলে বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার ও আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িসহ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন রাতেও দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া ও সংঘর্ষ চলে এবং পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর পরদিন শুক্রবার সম্ভপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পাশের হাতিগাড়া মহল্লার বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয় এবং উভয় পক্ষের কয়েকটি ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। মূলত বৃশালিখা, সম্ভপুর ও পায়না মহল্লা আওয়ামী লীগ-অধ্যুষিত এবং পাশের হাতিগাড়া মহল্লা বিএনপি-অধ্যুষিত হওয়ায় থানার সামনের মিছিল ঘিরে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বেড়া পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাজেদুল ইসলাম অভিযোগ করে বলেন, বিনা উসকানিতে আওয়ামী লীগের কর্মীরা এলাকায় অশান্তি সৃষ্টি করেছে। সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে রেখে এভাবে সহিংসতা চলতে পারে না উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
টানা তিন দিনের সংঘর্ষ ও উত্তেজনার প্রভাবে বেড়া বাজারের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। সংঘর্ষের সুযোগে দুর্বৃত্তরা দোকানপাটে লুটপাট চালাতে পারে—এমন আশঙ্কায় ব্যবসায়ীরা বেশির ভাগ সময় দোকান বন্ধ রাখছেন এবং অনেকে রাত জেগে নিজেদের দোকান পাহারা দিচ্ছেন।
বেড়া বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম জানান, টানা তিন দিনের সংঘর্ষ ও আতঙ্কের কারণে হাটের দিনেও ব্যবসায়ীরা দোকান খুলতে পারছেন না এবং ক্রেতা-বিক্রেতারাও বাজারে আসছেন না। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃশালিখাসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও এসআরবি সদস্য মোতায়েন করা হয়েছে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পুনরায় উত্তেজনা দেখা দেওয়ায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং দ্রুতই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।



