ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি, শঙ্কায় কৃষক

ধানের পাশাপাশি শীতকালীন শাকসবজি, সরিষা ও গমের আবাদ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে ঝিনাইদহের বিস্তীর্ণ ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে পাকা আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কোথাও পানির নিচে ডুবে আছে ধানের শিষ, আবার বাতাসে অনেক জমির কাঁচা-পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে বাধ্য হয়ে পানিতে ডুবে থাকা ধান কাটছেন কৃষকরা। অন্যদিকে, নুয়ে পড়া ও ডুবে যাওয়া ধান কাটা ও ঘরে তুলতে বাড়তি শ্রমিক খরচ গুনতে হচ্ছে তাদের। ধানের পাশাপাশি শীতকালীন শাকসবজি, সরিষা ও গমের আবাদ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।

সরেজমিনে দেখা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ভবানীপুর, কুমড়াবাড়িয়া, রামনগর, গান্না ও মহারাজপুর এলাকার বিস্তীর্ণ ধানখেতে বৃষ্টির পানি জমে রয়েছে। অনেক নিচু জমিতে হাঁটুসমান পানি জমেছে; কোথাও কেটে রাখা ধান পানিতে ডুবে আছে, আবার কোথাও পাকা ধানের শিষ পানির নিচে চলে গেছে। জমি থেকে পানি নামতে দেরি হলে এসব ধান কাটতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে আমন ধান কাটার পর সরিষা, ছোলা, মসুর ও গমের বীজ বপনের সময়ও পিছিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় শীতকালীন সবজির আবাদেও নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে পালংশাক, ধনিয়াপাতাসহ বিভিন্ন সবজির জমিতে পানি জমেছে। কৃষকদের আশঙ্কা, জমিতে দুই দিন বা তার বেশি সময় পানি আটকে থাকলে গাছের গোড়া পচে গিয়ে সবজি নষ্ট হতে পারে। সদর উপজেলার পাশাপাশি জেলার কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার ফসলের মাঠেও প্রায় একই চিত্র দেখা গেছে।

সদর উপজেলার রামনগর গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, দুই দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে এবং ধানের মাঠে পানি জমে গেছে। নিচু জমিতে হাঁটুসমান পানি ও কেটে রাখা ধান পানির নিচে পড়ে থাকায় বাজারে ধানের দাম কম পাওয়ার শঙ্কা করছেন তিনি।

ভবানীপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ধানের; পাশাপাশি পালংশাক ও ধনিয়াপাতাসহ শীতকালীন সবজির ক্ষেতও অনেকটা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সরিষা ও গমের আবাদও পিছিয়ে যাবে উল্লেখ করে তিনি জানান, পানিতে ডুবে যাওয়া ধান কাটা ও মাড়াইয়ের খরচ প্রায় দ্বিগুণ হয়ে গেছে, যা মেটানো নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন।

কালীগঞ্জ উপজেলার কামালহাট গ্রামের কৃষক ইসমাইল হোসেন মালিথা বলেন, দুই দিনের টানা বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক পাকা ধান জমিতে শুয়ে পড়েছে এবং মাঠে কেটে রাখা ধান বৃষ্টির কারণে ঘরে তুলতে না পারায় তা পানির নিচে পড়ে নষ্ট হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে জেলায় মোট ১ লাখ ৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এরই মধ্যে প্রায় ৩০ শতাংশ ধান কাটা ও মাড়াই সম্পন্ন হয়েছে। এ ছাড়া জেলার ছয় উপজেলায় ৫ হাজার ৩৮০ হেক্টর জমিতে গম এবং ১৩ হাজার ৫২৬ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে গম বপনের সময় অন্তত দুই সপ্তাহ পিছিয়ে যেতে পারে। পাশাপাশি সরিষা ও ভুট্টার বীজ বপন এবং রোপণ কার্যক্রমেও বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়ার কারণে ধানের ক্ষতি কিছুটা বেশি হতে পারে এবং শীতকালীন সবজির ক্ষেত বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ ছাড়া সরিষা, গম ও ভুট্টার বীজ বপন ও রোপণেও বিলম্ব হতে পারে। মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মীদের ফসলের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনই বলা যাচ্ছে না বলে জানান তিনি।

টানা বৃষ্টিতে একদিকে যেমন আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা, অন্যদিকে পরবর্তী মৌসুমের ফসল আবাদ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। দ্রুত জমির পানি না নামলে কৃষকদের আর্থিক ক্ষতির পাশাপাশি পুরো ফসল উৎপাদন পরিকল্পনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।