ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পিরোজপুরে বৃষ্টি, বেড়িবাঁধ নিয়ে শঙ্কা

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত জেলায় প্রায় ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় জেলা পিরোজপুরে বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাসে জেলার নদীপাড়ের কয়েক হাজার মানুষ বেড়িবাঁধের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পিরোজপুর জেলায় ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পিরোজপুর নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেদুল হক জানান, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আসার আশঙ্কা নেই; এটি ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত জেলায় প্রায় ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী সোমবার পর্যন্ত দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে এখন পর্যন্ত নদ-নদীর পানি বাড়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’ পিরোজপুরে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। তবে সতর্কতা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় একটি দল প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তির ২০ নম্বর বুলেটিনে জানানো হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। মধ্যরাতে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড় হিসেবেই শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।