বৈরী আবহাওয়ায় বিপাকে পর্যটকরা, সেন্টমার্টিনে আটকা প্রায় এক হাজার পর্যটক

তাদের মধ্যে দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন শিক্ষক-শিক্ষার্থীও রয়েছেন

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ থাকায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক। তাদের মধ্যে দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন শিক্ষক-শিক্ষার্থীও রয়েছেন। নির্ধারিত সময়ের পরও দ্বীপে থাকতে হওয়ায় অনেকের খাবারের টাকা ফুরিয়ে আসছে। এর মধ্যে এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

আটকে পড়া ৯৬ জনের মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন রয়েছেন।

জাবিপ্রবির দলে দুজন শিক্ষক ও ২৯ জন শিক্ষার্থী রয়েছেন। সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গত ১৭ নভেম্বর শিক্ষা সফরে সেন্টমার্টিনে যান। ১৯ নভেম্বর তাদের ফেরার কথা ছিল। কিন্তু জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা দ্বীপে আটকা পড়েন।

বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদ জানান, বুধবার রাতে হঠাৎ জানানো হয় বৃহস্পতিবার জাহাজ চলবে না। পরে শুক্রবারও জাহাজ বন্ধ থাকার কথা জানানো হয়। এতে তারা বিপাকে পড়েছেন, খাবারের জন্য রাখা টাকাও প্রায় শেষ।

এদিকে দুর্ঘটনায় জাবিপ্রবির এক শিক্ষার্থীর হাঁটুর বাটি (প্যাটেলা) স্থানচ্যুত হয়েছে। সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহিদুল ইসলাম বলেন, “আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ধরনের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা দ্বীপে নেই।“

কোস্টগার্ড জানিয়েছে, আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় এখনই তাকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ।

জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন বলেন, “দুই শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের ৩১ জন সেন্টমার্টিনে আটকা পড়েছেন। তাদের একজন দুর্ঘটনায় আহত হয়েছেন, পাশাপাশি আর্থিক সংকটও দেখা দিয়েছে। দ্রুত তাদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।“

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।“