ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আবারও জাহাজ চলাচল শুরু হবে।
তাসনীম জাহান বলেন, “বৃহস্পতিবার সেন্টমার্টিন যাওয়ার জন্য যারা জাহাজের টিকিট কিনেছেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে তারা একই টিকিটে দ্বীপ ভ্রমণ করতে পারবেন।”
এদিকে, বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন ভ্রমণে যেতে অনিচ্ছুক পর্যটকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
তিনি বলেন, “সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে।”
এদিকে, কক্সবাজার সমুদ্রবন্দরের ২ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। একইসঙ্গে সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া দপ্তর।
উল্লেখ্য, চলতি পর্যটন মৌসুমে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পাঁচটি পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। এর মধ্যে তিনটি জাহাজ গত ৫ নভেম্বর থেকে চলাচল শুরু করেছে।



দেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি