Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভেঙে পড়লো উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীকের’ ক্রেন

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে একটি হাউসবোটের ওপর পড়েছে। এতে হাউসবোটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ভেঙে পড়া ক্রেনের বুম উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ রওনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নির্ভীক-এর কমান্ডার আব্দুল্লাহ আল বাকী জানান, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে বুধবার সকালে জাহাজটির ক্রেন চালানোর কাজ চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে কাজ শুরুর মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে ক্রেনের সামনের অংশ (বুম) ভেঙে পড়ে।

বুমটি নির্ভীক-এর সামনে থাকা একটি হাউসবোটের ওপর পড়ে। এতে হাউসবোটটি ডুবে যাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা হাউসবোট থেকে পানি সরিয়ে সেটি রক্ষা করেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা মাস্টার ইউনুস সিকদার জ্ঞান হারিয়ে ফেলেন। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানান কমান্ডার আব্দুল্লাহ আল বাকী।

জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার কাছে প্রাথমিকভাবে জানা গেছে, সাপ্তাহিক মহড়া চলাকালে যান্ত্রিক ত্রুটির কারণে বুমটি ভেঙে পড়ে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ভেঙে পড়া বুম উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ রওনা হয়েছে।

   

About

Popular Links

x