যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার আবহে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে ইরান।
মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন এই সামরিক স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করা হয়। বিশ্বকে চমকে দেওয়ার মতো অস্ত্র উন্মোচন করা হবে বলে গত কয়েক সপ্তাহ ধরে ইরানি নেতারা যে ইঙ্গিত দিয়ে আসছিলেন, এই স্থাপনা উন্মোচনকে সেই বার্তারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
প্রকাশিত ভিডিওতে ভূগর্ভস্থ ওই স্থাপনার ভেতরে সারি সারি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর উৎক্ষেপণযান বা লঞ্চার দেখা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর অভিযান পরিচালনার সক্ষমতা পর্যালোচনা করেন।
এ সময় জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাটির গভীরে সংরক্ষিত ও উৎপাদিত এসব উন্নত ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে চমকে দেবে এবং নিজেদের সক্ষমতার প্রমাণ রাখবে।
এর আগে গত ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচনের ঘোষণা দিয়েছিলেন। তিনি জানান, তীব্র বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থা ভূপৃষ্ঠ থেকে মাটির অনেক গভীরে সরিয়ে নেওয়া হয়েছে।
বিমান হামলা থেকে সমরাস্ত্র সুরক্ষিত রাখতে ইরান বহু বছর ধরেই ‘মিসাইল সিটি’ গড়ে তুলছে। ২০২৫ সালের যুদ্ধে ইসরাইল ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালালেও চলতি বছরের ফেব্রুয়ারিতে স্যাটেলাইট চিত্রে দেখা যায়, তেহরান সেগুলো মেরামত করে নিরাপত্তা আরও জোরদার করেছে।
চলতি মাসের শুরুতে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সীমিত সামরিক অভিযানের পর ওয়াশিংটন আরও পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে, এমন খবরের মধ্যেই তেহরান এই ভিডিও প্রকাশ করল। অন্যদিকে, গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আলোচনায় অগ্রগতির কারণে ইরানের ওপর বিমান হামলা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে প্রয়োজন হলে আবারও হামলা শুরুর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের ৩৮টি সেতুসহ বেশ কয়েকটি লক্ষ্যবস্তু চিহ্নিত করে রেখেছে।
পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরে নৌযানে হামলা এবং চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে ইরানের এই প্রদর্শনী ওয়াশিংটন ও তেল আবিবের ওপর নতুন করে কৌশলগত চাপ তৈরি করবে।



