নথিপত্রহীন ও অনিয়মিতভাবে ইউরোপে যাওয়ায় আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফিরতে হলো। তাদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন।
ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টায় এন০৫৫৪২ নম্বরের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ কাজে সহযোগিতা করেছে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্ক। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, “বুধবার সকালে ইউরোপ থেকে ৪৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় তাদের প্রত্যেককে বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের অর্থনৈতিক সহায়তাও দেওয়া হবে।”
শরিফুল হাসান আরও বলেন, “এত দিন লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা শীর্ষে ছিলেন। তবে এ বছরে একই পথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম অবস্থানে রয়েছেন। সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।”
তিনি জানান, অনিয়মিত অভিবাসনের বিষয়ে ইউরোপের দেশগুলো ক্রমেই কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতি অনুযায়ী, অনিয়মিত পথে ইউরোপে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে। পাশাপাশি তাদের আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হচ্ছে।
শরিফুল হাসানের ভাষ্য, ইউরোপে যাওয়ার জন্য ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত কোনো লাভ হচ্ছে না। অথচ অনেকের ধারণা, যেভাবেই হোক ইউরোপে পৌঁছাতে পারলেই সব সমস্যার সমাধান হবে। এ ধরনের ভুল ধারণা থেকে বেরিয়ে আসা জরুরি।
এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার বিষয়ে অন্যদের উৎসাহিত করেছেন বলে জানান শরিফুল হাসান। বিদেশগামীদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশে যাওয়া উচিত।
এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছিল বলে জানিয়েছিল ব্র্যাক।
ইউরোপ থেকে নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি করে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় এ পর্যন্ত প্রায় ৫,০০০ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।
শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। দেশে ফেরার পর তাদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পরবর্তী সময়ে অর্থনৈতিক সহায়তার মাধ্যমে তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করা হয়।
একইসঙ্গে ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। অন্যদিকে, ইউরোপও বৈধ পথে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তিনি।



