দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বাকি সাজা গৃহবন্দি অবস্থায় ভোগ করার জন্য কারাগার থেকে বাসায় ফিরেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পুলিশের কড়া ও সশস্ত্র পাহারায় একটি এসইউভি গাড়িতে করে কুয়ালা লামপুরের নিজ বাসভবনে পৌঁছান ৭৩ বছর বয়সি এই নেতা। এ সময় তার বাসভবনের সামনে বিপুলসংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় সম্পদ তহবিল থেকে শত শত কোটি ডলার আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর দীর্ঘ চার বছর কারাগারে ছিলেন তিনি। বাসায় ফেরার মধ্য দিয়ে তার সেই কারাবাসের অবসান ঘটল।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নাজিব রাজাক ওয়ানএমডিবি (ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ) কেলেঙ্কারির দুটি মামলায় দোষী সাব্যস্ত হন। প্রথম মামলায় ২০২০ সালে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং ২০২২ সালে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে আপিলের মাধ্যমে তার সাজা কমিয়ে অর্ধেক করা হয়।
গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার রাজা তাকে শর্তসাপেক্ষে ক্ষমা করেন, যার ফলে বাকি দুই বছরের সাজা কারাগারের পরিবর্তে বাসায় থেকে ভোগ করার সুযোগ পান তিনি। এই রাজকীয় ক্ষমার শর্ত হিসেবে নাজিবের দলকে ১ কোটি ২০ লাখ ডলার জরিমানাও দিতে হয়েছে। অ্যাটর্নি জেনারেলের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রক্রিয়াটি সাময়িক স্থগিত থাকলেও মঙ্গলবার হাইকোর্ট গৃহবন্দি থাকার আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেন। এর আগেই কুয়ালা লামপুরের অভিজাত এলাকায় অবস্থিত তার বাড়িটিকে কেন্দ্রীয় কারাগার হিসেবে ঘোষণা করা হয়।
এক দশক আগে রাষ্ট্রীয় সম্পদ তহবিল ওয়ানএমডিবি’র অর্থ আত্মসাতের ঘটনা প্রকাশ্যে এলে নাজিব সরকারের পতন ঘটে। তদন্তকারীদের হিসাব অনুযায়ী, এই তহবিল থেকে প্রায় ৪৫০ কোটি ডলার সরিয়ে নেওয়া হয়েছিল, যার মধ্যে নাজিবের ব্যক্তিগত হিসাবেও ১০০ কোটি ডলারের বেশি অর্থ জমা হয় বলে কৌঁসুলিদের দাবি।
তবে নাজিবকে কারাগার থেকে বাসায় পাঠানোর সিদ্ধান্তে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের মতে, এই সিদ্ধান্ত দেশটির দুর্নীতিবিরোধী লড়াইকে দুর্বল করবে। পাশাপাশি মালয়েশিয়ার প্রচলিত আইনে গৃহবন্দি থাকার কোনো বিধান না থাকায় তারা এই পদক্ষেপের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন।
বর্তমান মামলার গৃহবন্দি থাকার মেয়াদ ২০২৮ সালের আগস্টে শেষ হওয়ার কথা রয়েছে। তবে এরপরও নাজিবের মুক্তি মিলছে না। ওয়ানএমডিবি থেকে প্রায় ২৩০ কোটি মালয়েশীয় রিঙ্গিত বা ৫৬ কোটি ৯০ লাখ ডলার আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের ডিসেম্বরে দ্বিতীয় একটি মামলায় তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি সেই রায়ের বিরুদ্ধে আপিল করছেন। বর্তমান গৃহবন্দিত্বের মেয়াদ শেষ হলে তাকে দ্বিতীয় মামলার সাজা ভোগ করতে হবে।



