Sunday, November 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান

এর আগে, এক দিনের রিমান্ড শেষে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম

শাহজালাল বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে, গত ৪ অক্টোবর রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন করা হয়। পরে আদালত শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী।

গত ২ অক্টোবর শাহজালাল বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।গ্রেপ্তারের পর মামলার তদন্ত কর্মকর্তা আখতারুজ্জামানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

   

About

Popular Links

x