বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধর মামলায় এক উপজেলা যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত এক ছাত্রলীগ (কার্যক্রম নিষিদ্ধ সংগঠন) নেতার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তার ওই যুবদল নেতা, বাকেরগঞ্জ উপজেলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালাম। তাকে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মামলার বাদী বাকেরগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসক সুরঞ্জিত দাস বলেন, “মঙ্গলবার বেলা বারোটার দিকে উপজেলা হাসপাতালের চেম্বারে রোগী দেখছিলেন তিনি। এসময় বেলায়েত হোসেন খান নামে একজন রোগী চিকিৎসা নিতে আসেন।”
ভুক্তভোগী ওই চিকিৎসকের অভিযোগ, সম্প্রতি তার কাছে চিকিৎসা নিতে আসেন যুবদল নেতার বাবা বেলায়েত হোসেন। তবে চেম্বারে ৩-৪ জন রোগী থাকায় তাকে একটু অপেক্ষা করতে বলা হয়। বিষয়টি ওই রোগী তার ছেলে ইমরান খান সালামকে জানান।
এর কিছুক্ষণ পর ইমরান খান সালাম ৩-৪ জনকে সঙ্গে নিয়ে ওই চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে তার সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও মারধর করে ওই যুবদল নেতা। পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন ভুক্তভোগী ওই চিকিৎসক।
পরে এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া এবং অশ্লীল ভাষায় গালাগালসহ মারধর করার অভিযোগ তুলে বাকেরগঞ্জ মামলা দায়ের করেন তিনি।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম জানান, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পর মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, “ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ায় সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন চিকিৎসকরা। পরে অবশ্য জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু রাখা হয়।”
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খান সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
অভিযুক্ত সালামকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে সালামকে। এ মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।



গাবতলীতে বাসচাপায় দুই নারীর মৃত্যু