ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পেতে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ ঘোষণা দেয়।
পাশাপাশি তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে তাকে অন্য কোনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করবে ওয়াশিংটন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কার দেওয়া হবে।
ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত স্থাপনা, সরঞ্জাম, বিজ্ঞানী, গবেষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র।
পুরস্কার ঘোষণার পেছনে যুক্তি তুলে ধরে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তাবিষয়ক বাধ্যবাধকতা পূরণ না করায় দেশটির।
পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জামের উৎপাদন ও মজুত সম্পর্কে সংস্থাটি নিয়মিত তথ্য পাচ্ছে না।
তবে কোন ধরনের তথ্যের জন্য কত অর্থ দেওয়া হবে কিংবা সর্বোচ্চ ২ কোটি ডলার পাওয়ার নির্দিষ্ট শর্ত কী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।



