Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

১৫ দিনেও নেভেনি আগুন, ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স

সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ থেকে বের হওয়া গ্যাসে টানা ১৫ দিন ধরে আগুন জ্বলতে থাকার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর ১৫ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল।

দীর্ঘ পর্যবেক্ষণ শেষে তারা জানিয়েছেন, এখন আগুন নিরাপদে নিয়ন্ত্রণে এনে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা সম্ভব কি না, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাপেক্সের প্রতিনিধি দলটি ঘটনাস্থলে গিয়ে গ্যাস নির্গমনের স্থান, মাটির গঠন, গ্যাসের প্রবাহ এবং আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে। এ সময় স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলে থাকা বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন বলেন, “আমরা গত ১৫ দিনের পর্যবেক্ষণ ও প্রাথমিক যাচাই-বাছাইয়ের কাজ শেষ করেছি। এখন কীভাবে আগুন নিরাপদে বন্ধ করা হবে এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা সম্ভব হবে কি না, সে বিষয়ে বাপেক্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।”

তিনি জানান, গ্যাসের প্রকৃতি, চাপ, স্থায়িত্ব এবং সম্ভাব্য মজুদ সম্পর্কে সংগৃহীত তথ্য বিশ্লেষণের পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। প্রয়োজন হলে আরও কারিগরি পরীক্ষা-নিরীক্ষাও চালানো হতে পারে।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন, মোহাম্মদ আলী ও তারেক উল্লাহসহ অনেকে জানান, টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে আগুন জ্বলতে থাকায় প্রথমদিকে আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে ঘটনাস্থল দেখতে প্রতিদিনই উৎসুক মানুষের ভিড় বাড়ছে। তবে তারা দ্রুত একটি স্থায়ী সমাধান চান, যাতে আগুন নিয়ন্ত্রণে আসে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত হয়।

বিশেষজ্ঞদের মতে, কোনো স্থানে প্রাকৃতিকভাবে গ্যাসের উপস্থিতি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা বা গ্যাস উত্তোলন শুরু করা যায় না। আগে ভূতাত্ত্বিক ও প্রকৌশলগত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গ্যাসের মজুদ, চাপ, গুণগত মান এবং বাণিজ্যিক সম্ভাব্যতা নিশ্চিত করতে হয়। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিকল্পনা গ্রহণ করে।

স্থানীয়দের প্রত্যাশা, যদি ইনানীতে গ্যাসের পর্যাপ্ত মজুদ পাওয়া যায়, তবে এটি শুধু কক্সবাজার নয়, দেশের জ্বালানি খাতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বাপেক্সের কারিগরি প্রতিবেদন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের পর।

এদিকে আগুনের স্থানটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। সংশ্লিষ্টরা সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের আহ্বান জানিয়েছেন।

   

About

Popular Links

x