Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাকরি ফিরে পেলেন দুদকের সেই শরীফ

দুর্নীতি দমন কমিশনের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাকে দুদকের চাকরিতে পুনর্বহাল করা হয়েছে এবং বিধি অনুযায়ী তিনি জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন-ভাতা প্রাপ্য হবেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক পটুয়াখালী কার্যালয়ের তৎকালীন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে আকস্মিক চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলি হওয়ার আগে তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন।

চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতির চাঞ্চল্যকর ঘটনা অনুসন্ধান করেন এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছিলেন শরীফ উদ্দিন। ওই সময় কঠোর দায়িত্ব পালনের কারণে তিনি প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এবং থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।

তার সেই অপসারণের সিদ্ধান্ত দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। এমনকি চাকরিচ্যুতির প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনে খোদ দুদকের কিছু কর্মীর অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভের মতো বিরল ঘটনাও ঘটেছিল। দীর্ঘ প্রায় চার বছর পর সেই অপসারণ আদেশ প্রত্যাহার করে তাকে চাকরিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে দুদকের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

   

About

Popular Links

x