Tuesday, September 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফাঁদ পেতে সাব-রেজিস্ট্রারকে ঘুষসহ হাতেনাতে আটক করলো দুদক

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

চট্টগ্রাম নগরের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রির বিনিময়ে দুই লাখ টাকা ঘুষ গ্রহণকালে সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ এনফোর্সমেন্ট টিম পাহাড়েতলী কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন, পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং উমেদার রূপন দাশ।

দুদক সূত্রে জানা গেছে, স্থানীয় এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়েতলী কার্যালয়ে জমা দেন। দলিলে কোনো ধরনের আইনি ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার ও হেড ক্লার্ক কাজটি আটকে রেখে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। বাধ্য হয়ে ওই আইনজীবী দুদকের হটলাইন ‘১০৬’-এ অভিযোগ জানান এবং পরবর্তীতে চট্টগ্রাম জেলা কার্যালয়ে লিখিত আবেদন দাখিল করেন।

অভিযোগের সত্যতা যাচাই করে মঙ্গলবার দুপুরে সেখানে ফাঁদ পেতে অভিযান চালায় দুদকের টিম। এ সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানের কক্ষে ঘুষের ২ লাখ টাকা গ্রহণকালে রূপন দাশ, ফারুক ইসলাম ও সাব-রেজিস্ট্রারকে হাতেনাতে আটক করা হয়।

দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

   

About

Popular Links

x