Tuesday, October 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাল সনদে ৩৮তম বিসিএসে চাকরি, দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ শাহজাহান কবির এই আদেশ দেন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ পিএম

জাল সনদ দিয়ে সরকারি চাকরি নেওয়ার অভিযোগে করা মামলায় ৩৮তম বিসিএসের দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া দুজন হলেন - প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাকার হাজারীবাগের সঞ্জয় দাস এবং পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত নেত্রকোনার খালিয়াজুরির আবু সালেহ মো. মুসা।

এর আগে দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন পৃথক আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চান।

আবেদনে অভিযোগ করা হয়, সরকারি চাকরি পেতে দুই কর্মকর্তা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করেন। পরে সেগুলো বৈধ দলিল হিসেবে ব্যবহার করে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করেন এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিভ্রান্ত করে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেন।

এরপর ৩৮তম বিসিএসে সংশ্লিষ্ট ক্যাডারে সুপারিশ পেয়ে চাকরিতে যোগ দেন তারা। পরে বেতন-ভাতা গ্রহণের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে। 

এ ঘটনায় এই দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে আবেদনে উল্লেখ রয়েছে। আরও বলা হয়, মামলাটি বর্তমানে তদন্তাধীন। তারা অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

   

About

Popular Links

x