আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। তবে বর্তমানে এলএলবি পড়ছেন, এমন শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নতুন নিয়ম ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বার কাউন্সিল।
বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার সংবাদমাধ্যমকে বলেন, “আইনজীবী হিসেবে তালিকাভুক্তির বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান শিক্ষার্থীদের বিবেচনায় নিয়ে ২০৩০ সাল থেকে এ নিয়ম কার্যকর হবে।”
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট বার কাউন্সিলের সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং এ-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমে নির্ধারিত বয়সসীমা অনুসরণ করা হবে।
এত দিন আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য সর্বনিম্ন ২১ বছর বয়সের শর্ত থাকলেও সর্বোচ্চ বয়সের কোনো সীমা ছিল না। নতুন নিয়ম চালু হলে আইন পেশায় প্রবেশের ক্ষেত্রে ন্যূনতম বয়সের পাশাপাশি সর্বোচ্চ বয়সের শর্তও মানতে হবে।



