আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার পরিবর্তন না হলে তাদের জোটকে ‘বড় কর্মসূচির দিকে’ যেতে হতে পারে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, “স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমাদের অনেক শঙ্কা। এই নির্বাচন একেবারে নিরপেক্ষ হবে, এমন আস্থা আমরা রাখতে পারছি না।”
দলীয় ব্যক্তিদের নির্বাচন কমিশনের সচিব পর্যায়ে নিয়োগ দেওয়া হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘এ বিষয়ে সরকার ‘নির্লজ্জ ভূমিকা’ পালন করছে। এ নিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোট ‘উদ্বিগ্ন’।’’
এছাড়াও, ঠাকুরগাঁও-২ আসনের উপনির্বাচনে ইসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সরকার ও নির্বাচন কমিশনের উদ্দেশে মামুনুল হক বলেন, “আমরা চাই নির্বাচন কমিশন যেভাবে নিরপেক্ষ ভূমিকা রাখার কথা, সেই ভূমিকা আমরা দেখতে চাই। এর ব্যত্যয় ঘটলে আমরা চুপ করে বসে থাকব না। আমরা নিরপেক্ষ নির্বাচন আদায় করার এবং বাংলাদেশের মানুষের যে দীর্ঘ সংগ্রাম জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যেকোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করব।”



