Thursday, August 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতিকে বেছে নেওয়া হবে 

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০২:৫১ পিএম

দীর্ঘ ৩৫ বছর পর আবারো জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতিকে বেছে নেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শুরুতে সংসদ সদস্যদের ভোট দেওয়ার নিয়ম জানিয়ে দেন। এরপর ভোটগ্রহণ শুরু হয়।

শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। এরপর সংসদ সদস্যরা একের পর এক ভোট দিচ্ছেন। 

রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন - বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছেন ৩৪৯ জন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ শেষে কোন প্রার্থী কতটি ভোট পেলেন, কতটি ভোট বাতিল বা নষ্ট হলো, এ বিস্তারিত জানানো হবে। যিনি বিজয়ী হবেন বা যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, তার নাম ঘোষণা করা হবে। এরপর গেজেট প্রকাশ করা হবে।

   

About

Popular Links

x