গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান ও শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিসহ বিভিন্ন স্লোগানসংবলিত গ্রাফিতি মুছে দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ-সংশ্লিষ্টরা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মুক্তমঞ্চের আশপাশ ও প্রশাসনিক ভবনের বিভিন্ন স্থানে থাকা এসব গ্রাফিতি মুছতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, গ্রাফিতি মোছার সময় আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান শুভ, একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী ও সিকদার জয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান সাজিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।
গ্রাফিতি মোছার বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীরা জানান, হাদি গোপালগঞ্জকে নিয়ে কটূক্তি করেছেন; তাই গোপালগঞ্জের মাটিতে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার কোনো স্মৃতি বা লেখা তারা রাখতে চান না। এ কারণেই এসব গ্রাফিতি মুছে দেওয়া হচ্ছে।
রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে তারা দাবি করেন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই; তারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং এই কর্মসূচিতে অংশ নেওয়া সবাই গোপালগঞ্জের সন্তান।
এ বিষয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।



