Monday, October 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তান হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

পারিবারিক কলহের এক পর্যায়ে স্ত্রী ও শিশু সন্তানকে ছুরিকাঘাতে হত্যা করেন ওই ব্যক্তি

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও নিজের শিশু সন্তানকে হত্যার দায়ে হারেছ (৪৫) নামে এক ব্যাক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হারেছ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গুলহরি (দুর্গাপুর) এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় ভাড়া বাড়িতে স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও একমাত্র শিশু সন্তান সোহাগকে (১৬) নিয়ে বসবাস করতেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৮ জুলাই রাতে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে স্ত্রী মনোয়ারা ও শিশু সন্তান সোহাগকে ছুরিকাঘাতে হত্যা করেন হারেছ। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। পরদিন ৯ জুলাই নিহত মনোয়ারার ভাই মজিবুর রহমান মজিদ বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ হারেছকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর স্ত্রী ও সন্তানকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন হারেছ। তদন্ত শেষে ২০২০ সালের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে হারেছকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় দেন।

   

About

Popular Links

x