মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের তারাবো-ডেমরা সড়কের ডেমরা সেতুতে জরুরি মেরামতকাজ শুরু হচ্ছে । টানা দুই দিন এ কাজ চলবে। এ সময় সেতু ও আশপাশের সড়কে যানজটের আশঙ্কা রয়েছে। তাই ভোগান্তি এড়াতে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) হাইওয়ে পুলিশের স্টাফ অফিসার টু অ্যাডিশনাল আইজিপি তারিক লতিফের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ডেমরা সেতুর সম্প্রসারণ জোড়া (এক্সপ্যানশন জয়েন্ট) মেরামতের কাজ চলবে। নারায়ণগঞ্জ সড়ক বিভাগ এ কাজ বাস্তবায়ন করবে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিমও সেতুর জরুরি মেরামতকাজের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মেরামতকাজ চলার সময় সেতু ও সংলগ্ন সড়কে যান চলাচল ব্যাহত হতে পারে। এতে যানজটের পাশাপাশি যাত্রী ও পরিবহনচালকদের ভোগান্তি বাড়তে পারে।
এ পরিস্থিতিতে সম্ভাব্য যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার এবং গন্তব্যে পৌঁছানোর জন্য হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাত্রা করার অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।



