Monday, October 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

সোমবার যশোর ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২২ পিএম

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল এ অভিযান চালায়।

আটক ব্যক্তির নাম জালাল উদ্দিন শেখ (৫৫)। তিনি পিরোজপুরের জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের বাসিন্দা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন জালালকে আটক করে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১৬.৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে, বারটির আনুমানিক মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা।

এছাড়া জালালের কাছ থেকে নগদ ৩,২৪০ টাকা ও ২০,০০০ টাকা মূল্যের একটি ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি স্বর্ণের বারটি নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় মামলা দায়েরের পর জালালকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।

   

About

Popular Links

x