গাজীপুরে এএমসি নিট কম্পোজিট লিমিটেড কারখানায় (গার্মেন্টস ও কাটিং) সেকশনের কর্মীদের লে-অফ ঘোষণার প্রতিবাদে এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
এতে মহাসড়কের ময়মনসিংহগামী লেনে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।
ওই কারখানার গার্মেন্টস ও কাটিং বিভাগে (ইউনিট-২) কর্মরত প্রায় ৫৮৫ জন শ্রমিকের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে।
বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, সোমবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকের পাশে জড়ো হওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ও কারখানার ঝুট ব্যবসায়ীরা তাদের বাধা দেন। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সকাল ১০টা ২০ মিনিটের দিকে লে-অফ ঘোষণার প্রতিবাদ এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। অবরোধের কারণে মহাসড়কের ময়মনসিংহগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায় যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের দাবি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা জানান, হঠাৎ করে দুই দিনের ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। শনিবার (১০ অক্টোবর) কারখানার সামনে লে-অফ ঘোষণার নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। তবে লে-অফ ঘোষণার আগে তাদের পাওনা এবং ভবিষ্যৎ কর্মপরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আলোচনা করা হয়নি।
তাদের দাবি কারখানাটি পরবর্তী সময়ে চালু হবে কি না, সে বিষয়েও কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এতে তারা কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। অন্য কোনো কারখানায় চাকরি খুঁজবেন, নাকি বর্তমান কারখানা চালুর অপেক্ষায় থাকবেন, তা নিয়ে দ্বিধায় রয়েছেন তারা।
শ্রমিকরা জানান, তারা প্রত্যেকেই পরিবার নিয়ে কারখানার আশপাশের এলাকায় বসবাস করেন। ঘরভাড়া, ছেলেমেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন খাবার-দাবারসহ সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হয়। এমন পরিস্থিতিতে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তারা আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন। দ্রুত কারখানা খুলে দিয়ে তাদেরকে কাজে ফেরার সুযোগ সৃষ্টি করার দাবি জানান তারা।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুর রহমান বলেন, “সকালে মেম্বার বাড়ি এলাকায় অল্প কিছু সময়ের জন্য এএমসি নিনট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এ ঘটনায় বড় ধরনের যানজট বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।”



