Monday, October 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

সহকর্মীকে থাপ্পড়ের প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি, উল্টো কারখানাই বন্ধ ঘোষণা কর্তৃপক্ষের

ইনচার্জের পদত্যাগের দাবিতে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করছিলেন শ্রমিকরা

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম

গাজীপুরের ইন্টারন্যাাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

সোমবার (২৬ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।

নোটিশে উল্লেখ করা হয়, শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে এবং রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে বেআইনিভাবে কাজ বন্ধ করে শ্রমিকেরা কারখানায় উচ্ছৃঙ্খল আচরণ করেন। 

কারখানার সার্বিক নিরাপত্তার স্বার্থে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে সোমবার (২৬ অক্টোবর) থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এ ১৩ (১) ধারা অনুযায়ী ফ্যাক্টরি অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরবর্তীতে, কারখানা খোলার অনূকুল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ সবাইকে জানানো হবে, বলেও ওই নোটিশে উল্লেখ করা হয়।

ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড কারখানা মহানগরীর নাওজোড় (কড্ডা) এলাকায় অবস্থিত। 

অন্যদিকে, শ্রমিকদের অভিযোগ, কারখানাটির সুইং সেকশনের সিনিয়র অপারেটরকে থাপ্পড় মারার কারণে ইনচার্জের পদত্যাগের দাবিতে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করছিলেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড কারখানার সুইং অপারেটর বলেন, “শনিবার দুপুরে সুইং সেকশনের সিনিয়র অপারেটরকে থাপ্পড় মারে ইনচার্জ। পরে ওই ইনচার্জের পদত্যাগের দাবিতে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করে শ্রমিকরা।”

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “সোমবার থেকে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।”

তিনি বলেন, “শ্রমিকদের দাবি অনুযায়ী একজন স্টাফকে অব্যাহতি দিতে হবে। এই নিয়ে দুইদিন ধরে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কারখানায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।”

   

About

Popular Links

x