ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় বিএনপি সরকারকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
ওই নারীকে তার মালিকানাধীন ‘সাথী বিউটি পার্লার’ থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে দেওয়া হয়।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রবিবার দুপুরে ‘সাথী মেকওভার’ নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাথী আক্তার।
লাইভে সাথী জানান, তার দুটি শোরুম ও আশপাশের কয়েকটি দোকান থেকে বৈদ্যুতিক তার, এসির তার এবং বাসা থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।
চুরির ঘটনায় ব্যবসার নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন সাথী। এ সময় ভোট দেওয়া নিয়ে অনুশোচনা করে বিএনপি সরকারের সমালোচনা করেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাথী আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এরপর স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় তার প্রতিষ্ঠানে যান এবং এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “বিএনপিকে নিয়ে কটূক্তি করার জেরে স্থানীয় জনতা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”



