Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

অচল সাজেকের পর্যটন ও জনজীবন

ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। চতুর্থ দফায় টানা ১৩ দিন ধরে চলা এ অবরোধের কারণে সাজেকের পর্যটনশিল্প ও স্বাভাবিক যোগাযোগব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। গত ১১ অক্টোবর থেকে বিভিন্ন পর্যায়ে চলমান এ অবরোধে ১৪ নভেম্বর পর্যন্ত মোট ২৪ দিন সড়ক যোগাযোগ বন্ধ বা সীমিত থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালেও সাজেক পর্যটন সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে ও স্লোগান দিয়ে পিকেটিং করেন অবরোধকারীরা। ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটির’ ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত ১১ অক্টোবর থেকে সাজেকের পর্যটন সড়কে অবরোধ শুরু হয়। প্রথম দফার অবরোধে পর্যটক ও যানবাহন আটকা পড়লে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে কয়েক দফায় পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ শিথিল থাকলেও ২২ অক্টোবর থেকে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন পক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় বর্তমানে চতুর্থ দফায় অনির্দিষ্টকালের অবরোধ চলছে।

অবরোধের কারণে সাজেকের সঙ্গে দেশের অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পর্যটকদের আগমন সম্পূর্ণ বন্ধ থাকায় শতাধিক রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট ও পর্যটননির্ভর ব্যবসাপ্রতিষ্ঠানে স্থবিরতা নেমে এসেছে। পাশাপাশি পর্যটক পরিবহনে নিয়োজিত চাঁদের গাড়ি, মাহেন্দ্র ও অন্যান্য যানবাহনের চালকরাও কর্মহীন হয়ে পড়েছেন।

অবরোধের প্রভাবে সাজেকের স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং শিক্ষার্থীদের যাতায়াতও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সংকট নিরসনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একাধিকবার বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমঝোতা হয়নি। সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। তবে সংকট নিরসনে আলোচনা অব্যাহত রয়েছে এবং দ্রুতই একটি সমাধানের আশা প্রকাশ করেন তিনি।

সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কার্যকর সংলাপের মাধ্যমে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।

   

About

Popular Links

x