Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে  

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া; নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম সমন্বয়ের জন্য সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এজন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া ভিডিও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শুরু হওয়া এ বিক্ষোভের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, চলমান শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০ তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। শনিবার সকালে কারখানাগুলোর সামনে বন্ধ রাখার নোটিশ টানিয়ে দেওয়া হয়। এছাড়া আরও সাতটি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে আসছেন শ্রমিকরা।

   

About

Popular Links

x