গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর মহাসড়কে যান চলাচল শুরু হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ ও আশপাশের কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মহাসড়কে অবস্থান নেন।
খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, শনিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ ছিল। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।



আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের অবরোধ