শ্রমিক অসন্তোষ ও উত্তেজনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের খেজুরিছড়া চা-বাগান ও কারখানা অবশেষে খুলে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দীর্ঘ সাত ঘণ্টার এক জরুরি বৈঠক শেষে বাগান কর্তৃপক্ষের ওপর চার দফা শর্ত আরোপ করে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই সিদ্ধান্তের ফলে শনিবার (১৪ নভেম্বর) থেকে শ্রমিকেরা নিয়মিত কাজে ফিরেছেন।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। জুমার নামাজের বিরতিসহ টানা সাত ঘণ্টার এই বৈঠকে ফিনলে টি কোম্পানির প্রতিনিধি, আন্দোলনরত চা-শ্রমিক প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনা শেষে লিখিত শর্তসাপেক্ষে বিরোধ নিষ্পত্তিতে সব পক্ষ একমত হয়।
বাগানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, এমন কোনো বক্তব্য বা কাজ করতে পারবেন না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে তাৎক্ষণিক অপসারণ, বদলি বা বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য থাকবে ফিনলে টি কোম্পানি কর্তৃপক্ষ।
খেজুরিছড়া চা-বাগানের মন্দিরে পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদ্যাপন করা হবে। এ বিষয়ে যেকোনো প্রতিবন্ধকতা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করবে। বাগানের মন্দিরের চলমান সংস্কার ও উন্নয়নকাজে কোনো ধীরগতি না রেখে দ্রুততার সঙ্গে তা সম্পন্ন করা হবে। এই আন্দোলন ও বিরোধের জেরে কোনো পক্ষই যেন পরবর্তীতে প্রতিশোধমূলক বা বিরূপ আচরণ না করে এবং শ্রমিকদের কাজে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে।
সভার শেষে চা-শ্রমিক, বাগান কর্তৃপক্ষ এবং মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে লিখিত সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হয় এবং উভয় পক্ষ এতে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, অভ্যন্তরীণ বিরোধ ও শ্রমিক অসন্তোষের জেরে এর আগে ফিনলে টি কোম্পানির এই ডিভিশন ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ, যা শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, “প্রশাসনের মধ্যস্থতায় সব পক্ষের অংশগ্রহণে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সর্বসম্মতিক্রমে চারটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্য দিয়ে বাগানের অচলাবস্থা কাটল এবং স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসার পথ সুগম হলো।”



