মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এই মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এই মামলার রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আব্দুল ওয়াহিদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি হলেন, পূর্ব লয়্যারকুল গ্রামের মো. নাসির মিয়া (২৬) ও গিয়াস মিয়া (২৫), বিল্লাল মিয়া (৩০) ও দুলাল মিয়া (২৬)। আদালত তাদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন। এ ছাড়া মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, মহিবুর রহমান ওরফে অমৃত মিয়াকে (৫০) দণ্ডবিধির ৩২৬ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ২৫,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জয়নাল আবেদীনকে (৫৫) দণ্ডবিধির ৩২৩ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত মহিবুর রহমান ও জয়নাল আবেদীনের পূর্ববর্তী হাজতবাসের সময় সাজা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাবেদ মিয়া, হাসি বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার মিয়া, মো. আলী ইসলাম ও নাজমিন বেগমকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, রায়ে দণ্ডিত আসামিদের থেকে আদায়কৃত অর্থদণ্ডের সমস্ত টাকা নিহতের পরিবারের সদস্যদের প্রদান করা হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লইয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে সৎভাই ও তাদের স্বজনরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জয়নাল মিয়ার স্ত্রী সাবানা বেগমকে (৩০) নির্মমভাবে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



