মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনা পরিশোধের পরও তুচ্ছ বাগ্বিতণ্ডার জেরে লোহার রডের আঘাতে আলিফ উদ্দিন নামের এক দর্জিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার শাহবাজপুর বাজারের সায়পুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিফ উদ্দিন উপজেলার আতুয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আলিফের দোকানের পাশেই ব্যবসা করতেন সায়পুর গ্রামের ইমাম উদ্দিন। আলিফের কাছে তার ৯০ টাকা পাওনা ছিল। ঘটনার সময় ইমাম টাকা চাইলে আলিফ তা পরিশোধ করে দেন। এরপর দোকান থেকে ফিরে যাওয়ার সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইমাম উদ্দিন লোহার রড দিয়ে আলিফের ওপর হামলা চালান। রডের আঘাতে গুরুতর আহত হয়ে আলিফ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, “খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের জোর অভিযান চলছে।“



