শেরপুর সদরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া (৪১) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জোড়া পাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল মিয়া নকলা উপজেলার বারমাইসাখিচা গ্রামের বাসিন্দা। তিনি ইরাকে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে শেরপুরগামী শেরপুর চেম্বার্স অব কমার্সের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়।
আহত চারজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন নকলা পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ ফেরদৌসুর রহমান (৫০), হিসাব সহকারী আলমগীর হোসেন (৩২), শফিকুল ইসলাম (৪৫) ও দুলাল মিয়া (৬০)। ফেরদৌসুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর হোসেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শফিকুল ইসলাম ও দুলাল মিয়া ভর্তি আছেন শেরপুর জেলা সদর হাসপাতালে।
জুয়েল মিয়ার চাচাতো ভাই এরশাদ আলী বলেন, প্রায় ১৪ বছর ধরে প্রবাসে থাকা জুয়েল ২০ দিন আগে দেশে এসেছিলেন। মঙ্গলবার বিকেলে কাজের জন্য তিনি শেরপুরে যান। রাতে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।”



