Tuesday, October 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

টুপটুপ রিসোর্টে আগুন: ১১ মৃত্যু, রিমান্ডে সহকারী ব্যবস্থাপক

উখিয়া আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ পিএম

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন ইনানী পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেন সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উখিয়া আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এ আদেশ দেন।

কক্সবাজার চিফ জুডিসিয়াল আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান এলাহী নূরী বিষয়টি নিশ্চিত করে জানান, ১৮ অক্টোবর পুলিশ সুমনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। তবে সেদিন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত না থাকায় শুনানি হয়নি। আজ শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা সুবিধামতো যেকোনো সময় সুমনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ বলেন, "আদালতের আদেশের কপি হাতে পেলেই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অবহেলাজনিত মৃত্যুর ধারায় করা এ মামলায় সুমন চার নম্বর আসামি।"

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর সকালে উখিয়ার ইনানী পাটুয়ারটেকে কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে আগুন লাগে। ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে সেদিন ১০টি মরদেহ উদ্ধার করা হয়। একই দিন ঘটনাস্থল থেকে পুলিশ সুমনকে গ্রেপ্তার করে। তারপর থেকে তিনি কারাগারে আছেন।

এদিকে আজ দুপুরে ফের তল্লাশি চালিয়ে রিসোর্টসংলগ্ন একটি ডোবা থেকে নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হলো।

   

About

Popular Links

x