Tuesday, October 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাহেদ: আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী 

‘বক্তব্যর পর আইজিপি যদি কোনো ব্যাখ্যা না দিতেন, তাহলে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারতো’ 

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পিএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ক্রসফায়ার সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 
 
আইজিপির ক্রসফায়ার-সংক্রান্ত বক্তব্যের ব্যাখ্যার বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘‘পুলিশ সদর দপ্তর পরবর্তীসময়ে একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে আইজিপি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। ক্রসফায়ার করবেন বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করবেন, তার বক্তব্য থেকে এমন ব্যাখ্যা কেউ কেউ করেছেন। পরে তিনি ব্যাখ্যা দিয়ে পরিষ্কার করেছেন, কেন এবং কী উদ্দেশ্যে তিনি কথাগুলো বলেছেন। তিনি অবশ্যই এমনটি বোঝাতে চাননি।’’ 
 
সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘এ ক্ষেত্রেও বক্তব্যটি সাধারণীকরণ করা হয়েছে বলে মনে হয়েছে। এ বিষয়ে আইজিপির বক্তব্য রয়েছে।’’ 
 
জাহেদ উর রহমান আরও বলেন, ‘‘এ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা কেটে যাওয়া উচিত। কারণ, আইজিপি এসব বক্তব্যের কোনোটিই নিজের অবস্থান হিসেবে ধরে রাখেননি, বরং সেখান থেকে সরে এসেছেন।’’ 
  
তিনি বলেন, ‘‘বক্তব্য দেওয়ার পর আইজিপি যদি আর কোনো ব্যাখ্যা না দিতেন, তাহলে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারতো। কিন্তু তিনি ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেই বুঝতে পেরেছেন, তার বক্তব্য ভুলভাবে যোগাযোগ হয়েছে।’’  

   

About

Popular Links

x