Wednesday, October 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধানখেতের পাশে মিললো কৃষকের মরদেহ, হত্যার অভিযোগ

বুধবার সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পিএম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. নেজাম উদ্দিন (৪৫) নামে এক কৃষকের দুই হাত কাটা মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
 
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার সরফভাটা মীরেরখীল সিঙ্গাপুর এলাকার রাঙ্গুনিয়া-বোয়ালখালী সীমান্তের গহীন বন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
 
নিহত নেজাম উদ্দিন সরফভাটা মীরেরখীল ১ নম্বর স্লুইসগেট এলাকার মো. রফিকুল ইসলাম বক্করের ছেলে। তিনি গরু-ছাগল পালন ও কৃষিকাজ করতেন।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, বন্য হাতির আক্রমণ থেকে নিজের আবাদ করা আমন ধান রক্ষা করতে মঙ্গলবার রাতে পাহারা দিতে যান কৃষক নেজাম উদ্দিন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে বিলের পাশে মরদেহ ফেলে রেখে যায়।
 
সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 
 
নুরুল আলম নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, কয়েক দিন আগে ঘর নির্মাণকে কেন্দ্র করে নেজাম উদ্দিনের কাছে চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হতে পারে বলে মনে হচ্ছে। 
 
এ প্রসঙ্গে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমদ বলেন, "আজ এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতের কোনো এক সময় সন্ত্রাসীরা তাকে হত্যা করে দুই হাত কেটে ফেলেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।"
   

About

Popular Links

x