ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে মন্তব্য করা নারী ব্যবসায়ী সাথী আক্তার (৩০) জামিন পেয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত তাকে ৫০০ টাকার বন্ডে নিজ জিম্মায় জামিন দেন।
ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাথী আক্তারকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ শুনানিতে অংশ নেন।
শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। পরে তাকে আদালতের হাজতখানা থেকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।
রবিবার বেলা দুইটার দিকে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভে আসেন তিনি। লাইভ দু’টিতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ জানান। একপর্যায়ে তিনি বলেন, “বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।”
ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।



