Wednesday, October 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩

বুধবার ভোর ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৬ এএম

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জের শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীতে মাজার মসজিদের সামনে ৪০ টন পণ্যবাহী একটি ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

ওসি মোয়াজ্জেম উদ্দিন জানান, নিহত তিনজনের মধ্যে একজন বাসের সহকারী এবং অন্য দুজন যাত্রী। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। দুজনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অপরজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরানোর ব্যবস্থা চলছে।

আহত কয়েকজন যাত্রীর অভিযোগ, বাসচালক সিগারেট খেতে খেতে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন এবং ঘুমে ঢুলছিলেন। তাদের দাবি, চালকের এরূপ আচরণের কারণেই দুর্ঘটনা ঘটেছে।

   

About

Popular Links

x