Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১৪৫ কিমি বেগে ধেয়ে আসছে

এটি মঙ্গলবার রাতে প্রবল ঘূর্ণিঝড়ে এবং আগামী ১৯ নভেম্বর সন্ধ্যার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম

বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’। এটি আরও ঘনীভূত হয়ে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর (আইএমডি)। আঘাত হানার সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব ও এর কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে ‘আকভান’।

ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার বিকেলে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার, মাচিলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে ৬৭০ কিলোমিটার এবং ওডিশার গোপালপুর থেকে ৭৯০ কিলোমিটার দূরে। এটি মঙ্গলবার রাতে প্রবল ঘূর্ণিঝড়ে এবং আগামী ১৯ নভেম্বর সন্ধ্যার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২০ নভেম্বর দুপুরের দিকে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এটি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে। এ সময় ঝড়ের সম্ভাব্য গতিপথ হতে পারে নেল্লোর ও টুনি উপকূলীয় এলাকার মধ্যবর্তী স্থানে। উপকূল অতিক্রম করার সময় ঝড়টির বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এবং রিয়েল টাইম গভর্ন্যান্স সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকাশ জৈন জানিয়েছেন, বর্তমানে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে সামনের দিকে এগিয়ে চলেছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

   

About

Popular Links

x